লালপুরে গরু চোর সহ ৫ জন আটক
ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে চুরি যাওয়া গরুসহ ৪ গরু ও ইয়াবাসহ এক জনকে আটক করেছে লালপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে লালপুর উপজেলার চকবাদকয়া গ্রামের মোজাফফরের ছেলে আসলাম মন্ডলের বাড়ি থেকে একটি বকনা গরু চুরির ঘটনা ঘটে। স্থানীয় জনতা গরুর পায়ের ছাপ দেখতে দেখতে বিশম্ভরপুর গ্রামের আলিমুদ্দিনের ছেলে আলাউদ্দিন এর বাড়িতে গিয়ে গরুর সন্ধান পায়। এ সময় আলাউদ্দিনের ছেলে রমজান জনতার উপর হাসুয়া নিয়ে আঘাত করে। এতে আব্দুল লতিফ নামের এক ব্যক্তি আহত হয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বিষয়টি স্থানীয় জনতারা অবহিত করলে রোববার সকালে আলাউদ্দিনের বাড়ি থেকে চুরিকৃত ৩ টি গরু, ১টি সেলাই মেশিন ও তালা কাটা একটি কামড়ী মেশিন উদ্ধার করে ও চুরির অপরাধে ৪ জনকে আটক করে লালপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন বিশম্ভরপুর গ্রামের আলিমুদ্দিনের ছেলে আলাউদ্দিন (৫০), আলাউদ্দিনের স্ত্রী মরিয়ম (৪৫), ছেলে রমজান (২০) ও মেয়ে সাথী (১৮)।
এছাড়া লালপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে শনিবার (২৬ নভেম্বর) রাতে ৯ পিচ ইয়াবা সহ উপজেলার গোপালপুর এলাকার নজরুল ইসলামের ছেলে মিঠুকে আটক করেছে।
লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ আটকের সত্যতা স্বীকার করে জানান, আলাউদ্দিন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চুরির অভিযোগে এবং মিঠুর বিরুদ্ধে মাদক আইনে মামলা হচ্ছে।

