দিনাজপুরে অসম বিবাহ : ৭৫ বছরের বর,২০ বছরের কনে
দিনাজপুর প্রতিনিধি:
আসলে বিয়ে করতে বয়স যে প্রতিবন্ধকতা নয়, সেকথা আবারো প্রমান করলেন ৭৫ বছর বয়সি দিনাজপুরের হিলি- হাকিমপুর উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপির সভাপতি আকরাম হোসেন মন্ডল। দীর্ঘ সময় পাড়ি দিয়ে শেষ বয়সে এসে তিনি আবারও বিয়ে করলেন ২০ বছর বয়সী এক তরুনীকে। এটি তার দ্বিতীয় বিয়ে।
হিলি’র রাজধানীমোড় এলাকার গোলাম মোস্তফা’র ২০ বছর বয়সী মেয়ে দিপি আকতার এর সাথে ৫ লাখ ১ টাকা দেনমোহরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোমবার রাত ৮টায় ।বিয়ের খবরটি নিশ্চিত করেছেন আকরাম হোসেন মন্ডল নিজেই।
স্থানীয়রা জানান, বিয়েটি অনুষ্ঠিত হয় কন্যার বাড়িতে রাজধানী মোড় এলাকায়। নগদ ১ লাখ টাকা মোহরানা পরিশোধ এবং ৪ লাখ টাকা বাঁকিতে উভয়ের সম্মতি ক্রমে বিয়ে পড়ানো হয়। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ ১৮-২০ জন বরযাত্রী বিয়েতে অংশ গ্রহন করে। এ দিকে বিয়ের খবর রাতেই ছড়িয়ে পড়লে বর-কনেকে দেখার জন্য বিয়ে বাড়িতে ভীড় জমাতে থাকেন উৎসুক জনতা। অসম এ বিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিশেষ করে বৃদ্ধ বর জনপ্রতিনিধি হওয়ায়,বিয়ের ঘটনাটি নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।

