ট্রাম্প পরিবারের নিরাপত্তায় প্রতিদিন ১ মিলিয়ন ডলার ব্যয়

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারকে নিরাপত্তা দিতে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষকে প্রতিদিন ১ মিলিয়ন ডলারের (প্রায় আট কোটি টাকা) বেশি ব্যয় করতে হচ্ছে। সিটি কর্তৃপক্ষের বরাতে সম্প্রতি এ সংবাদ দিয়েছে সিএনএন।

এই বিপুল পরিমাণ অর্থ কেন্দ্রীয় তহবিল থেকে যোগান দেওয়ার আহ্বান জানিয়েছেন সিটি কর্তৃপক্ষের দুই সদস্য।

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত নিউ ইয়র্কের ম্যানহাটনের ফিফথ অ্যাভিনিউতে অবস্থিত ট্রাম্প টাওয়ারে পরিবার নিয়ে বাস করছেন ট্রাম্প।

শুক্রবার অনলাইনে দেওয়া একটি আবেদনে সিটি কর্তৃপক্ষের স্পিকার মেলিসা মার্ক ভিভেরিটো এবং কাউন্সিলের সদস্য ড্যান গ্যারোডনিক বলেন, ‘ট্রাম্পের নিরাপত্তা ব্যয় কেন্দ্রীয় সরকারের বহন করা উচিৎ, নগর কর্তৃপক্ষের নয়’।

আবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হওয়ার আগে ও পরে আপনার (ট্রাম্প) এবং আপনার পরিবারের নিরাপত্তা ব্যয় কেন্দ্রীয় তহবিল থেকে পরিশোধের ব্যাপারে আপনাকে পদক্ষেপ নেওয়ার আহবান জানাচ্ছি।

নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষের প্রতিনিধি জানিয়েছেন, ট্রাম্পের শিবির থেকে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শুক্রবার পর্যন্ত তাদের আবেদনে সমর্থন জানিয়েছেন ৫ শতাধিক মানুষ।

সিটি কর্মকর্তারা হিসাব করে দেখেছেন, ট্রাম্পের নিরাপত্তায় প্রতিদিন এক মিলিয়ন ডলারেরও বেশি ব্যয় হচ্ছে। প্রেসিডেন্ট হিসেবে চার বছর মেয়াদে তার নিরাপত্তায় ১০০ কোটি ডলারেরও বেশি অর্থ ব্যয় হবে বলে আবেদনে উল্লেখ করা হয়।

সূত্র: সিএনএন

  •  
  •  
  •  
  •  

Tags: