পাকিস্তানের প্রতিক্রিয়ায় রাবি শিক্ষক সমিতির প্রতিবাদ
রাবি সংবাদদাতা:
১৯৭১ সালে মুক্তিযুদ্ধচলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া ও রায় বিষয়ে পাকিস্তানের প্রতিক্রিয়ায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে র্যালী রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বুধবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি আনন্দ কুমার সাহা ও সাধারণ সম্পাদক মহা. রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ ক্ষোভ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া ও রায় বিষয়ে পাকিস্তান যেভাবে অযাচিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইবমিশনারকে তলব করেছে, তা রীতিমতো কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত, ঔদ্ধত্যপূর্ণ ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৯৭১ এর মুক্তিযুদ্ধকালে পাকিস্তান কোনো রকম মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেনি এ রকম মন্তব্য করে তারা নির্লজ্জ মিথ্যাচার করেছে। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশের দোসররা যেভাবে সীমাহীন হত্যাযজ্ঞ, সিপীড়ন, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা পুরো বিশ্ব ভালোভাবেই জানে এবং এ বিষয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করা দুরভিসন্ধিমূলক।
বিবৃতিতে পাকিস্তানকে ভুল স্বীকার অবিলম্বে বাংলাদেশের কাছে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়। একইসঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো রকম প্রতিক্রিয়া ব্যক্ত করা থেকে বিরত থাকতে বলা হয়।

