রাবিতে প্রতিবন্ধীদের ক্ষমতায়ন নিশ্চিতের দাবি

রাবি সংবাদদাতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষমতায়ন নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রৌদ্রজ্জ্বল দিনে দিনে কেউ ক্র্যাচে ভর দিয়ে, কেউ খুঁড়িয়ে খুঁড়িয়ে, কেউবা প্রতিবন্ধী গাড়ীতে করে র‌্যালিতে চলেছে। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রতিবন্ধী শিক্ষার্থী। সবার মুখে একটাই স্লোগান ‘একীভূতকরণ ও সকল প্রতিবন্ধীদের ক্ষমতায়ন করা হোক।’

২৪তম আন্তর্জাতিক ও ১৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০১৫ উপলক্ষে প্রতিবন্ধীদের সংগঠন পিডিএফ রাবি শাখার উদ্যোগে নানা কমসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশে মিলিত হয়।

পিডিএফ’র রাবি শাখার সভাপতি আলমগীর হোসেনর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, সুহিধ বাংলাদেশের কেন্দ্রীয় সচিব কল্পনা রায় ভৌমিক, ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন, সমাজকর্ম বিভাগের অধ্যাপক গোলাম কিবরিয়া প্রমুখ।

সমাবেশে সুহিধ বাংলাদেশের কেন্দ্রীয় সচিব কল্পনা রায় ভৌমিক বলেন, রাবিতে অনেক ভালো শিক্ষার্থী পড়ালেখার সুযোগ পায় না। অথচ অনেক প্রতিবন্ধী মেধাবলে এখানে জায়গা করে নিয়েছে। প্রতিবন্ধীরা এখন আর সমাজে বা পরিবারের বোঝা নয়। তারা এখন নিজ সক্ষমতায় বিভিন্ন প্রতিষ্ঠানে জায়গা করে নিচ্ছে। এখন তারা সমাজে মাথা উচু করে বেঁচে আছে।

এসময় ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন বলেন, আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের প্রতিবন্ধীরা বসবাস করে। আমাদের উচিত তাদের সদয় দৃষ্টিতে দেখা। এর জন্য আমাদের মন মানসিকতার উন্নতি ঘটাতে হবে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন প্রতিবন্ধীদের ভর্তিতে একটা জায়গা করে দিয়েছে। প্রতিবছর ৪০ জনের মতো প্রতিবন্ধী এখানে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে।

র‌্যালির আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে প্রতিবন্ধী দিবসের উদ্বোধন করা হয়। দিবসটি উপলক্ষে বিকেল সাড়ে তিনটায় কেন্দ্রীয় ক্যাফেটোরিয়ায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: