বশেমুরবিপ্রবিতে ‘ই’ ও ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সামাজিকবিজ্ঞান অনুষদভুক্ত ‘ই’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বাইরের বিভিন্ন কেন্দ্রে একযোগে ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৮০ নম্বরের একঘণ্টার এমসিকিউ পরীক্ষা সকাল ১০ থেকে ১১ টা পর্যন্ত চলে এবং এফ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় । এবার ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ‘ই’ ইউনিটে ৩৪০ আসনের বিপরীতে ৬ হাজার ৩২৬ জন ও‘এফ’ ইউনিটে ২৪০ আসনের বিপরীতে ৪ হাজার ৮২৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভর্তি জালিয়াতি ও প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন এবং বাইরে যোগাযোগ করা যায় এমন যে কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যে কোনো অনিয়মের তাৎক্ষণিক শাস্তির জন্য ভ্রাম্যমাণ আদালতও ছিল।

