৫ বছরে ৩৪০ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন কিম জং উন
আন্তর্জাতিক ডেস্ক:
২০১১ সালে ক্ষমতায় আসার পর গত ৫ বছরে উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ অন্তত ৩৪০ জনের মৃত্যদণ্ড কার্যকর করেছেন দেশটির একনায়ক কিম জং উন।
‘দ্য ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটিজি’র প্রকাশিত ‘কিম জং উনের ৫ বছরের অপশাসন’ শীর্ষক এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১৪০ জন দেশটির সরকার, সেনাবাহিনী ও ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।
যুক্তরাষ্ট্র বিষয়ক আন্তর্জাতিক নীতি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘র্যান্ড করপোরেশন’ এর একজন বিশ্লেষক ব্রস বেনেট কিমের নৃসংশতার উদাহরণ দিয়ে সিএনএনকে বলেন, ‘গত পাঁচ বছরে কিম পাঁচবার তার প্রতিরক্ষামন্ত্রী পরিবর্তন করেছেন। অথচ তার বাবা ১৭ বছরের শাসনামলে মাত্র তিনবার এ কাজ করেছেন। এর মধ্যে দুইবারই বয়সের কারণে মারা যাওয়ার ফলে নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিতে হয়েছে তাকে।’
কিমের নৃসংশতার সব খবর অবশ্য সংবাদমাধ্যমে আসে না। তবে গত পাঁচবছরে মাঝে-মধ্যেই তার নৃসংশতার খবর সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিল।
এ বছরের জুনে দেশটির সংসদে ‘খারাপ অঙ্গভঙ্গির’ কারণে দেশটির শীর্ষ একজন শিক্ষা কর্মকর্তাকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করেন কিম। ২০১৫ সালের মে মাসে নিজের প্রতিরক্ষামন্ত্রীকে হাজারো মানুষের উপস্থিতিতে একটি সামরিক স্কুলে অ্যান্টি এয়ারক্রাফট গান দিয়ে হত্যা করেন কিম।

