দিনাজপুরে নতুন বছরের শুরুতে সাড়ে ৮ লাখ শিক্ষার্থী’র হাতে নতুন বই
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে নতুন বছরের শুরুতে রোববার স্কুল ও মাদরাসার প্রায় সাড়ে ৮ লাখ কোমলমতি শিক্ষার্থী’র হতে তুলে দেয়া হয়েছে নতুন বই। প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বিনামূল্যের এসব বই জেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ভোকেশনাল, মাদরাসার ইবতেদায়ী ও দাখিল শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
দিনাজপুর মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস জানায়, জেলার ৩ হাজার ৫’শ ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৮ লাখ শিক্ষার্থীর মাঝে ৬৭ লাখ ৪৮ হাজার ৮’শ ৬৫টি বই বিতরণ করা হয়েছে । গত নয় বছর ধরে প্রতিবারই ১ জানুয়ারি নতুন বই শিশুদের হাতে তুলে দেওয়া হয়। দিনটি বই উৎসব হিসেবে উদযাপন করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলায় এবারে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৩ হাজার ৫’শ ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সাড়ে ৮ লাখ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে প্রাথমিকে ১ হাজার ৮’শ ৪৬টি বিদ্যালয় ও অন্যান্য বিদ্যালয়ে শিক্ষার্থী ৪ লাখ ৫০ হাজার ৮’শ২৬ জন এবং ১ হাজার ৬৪টি মাধ্যমিক বিদ্যালয়, দাখিল ও ইবতেদায়ী মাদরাসায় শিক্ষার্থী সংখ্যা প্রায় ৪ লাখ।
দিনাজপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, জেলায় মোট শিক্ষা প্রতিষ্ঠান ১ হাজার ৬৪টি। এর মধ্যে ৫’শ ৩৯টি মাধ্যমিক বিদ্যালয়, মহাবিদ্যালয় সংলগ্ন উচ্চ বিদ্যালয় ৩৫টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদরাসা ৩’শ ১টি ও ৮১টি ইবতেদায়ী মাদরাসা রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী রয়েছে প্রায় ৪ লাখ।এসব শিক্ষার্থীর জন্য ৪৬ লাখ ৩৫ হাজার ৯৭৭টি বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির জন্য ৩২ লাখ ৮০ হাজার ৫২০টি বই, এসএসসি ভোকেশনাল ৮১ হাজার ১২০টি, ইবতেদায়ী মাদরাসায় ৩ লাখ ৭৬ হাজার ৮’শ ৬২টি এবং দাখিল মাদরাসায় ৮ লাখ ৯২ হাজার ৪’শ ২৫টি ও দাখিল ভোকেশনালের জন্য ৪ হাজার ৯’শ ৫০টি বই বিতরণ করা হয়।
দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল) প্রধান শিক্ষক মো. সমসের আলী জানান, তার বিদ্যালয়ে ৯৫ ভাগ বই আজ বিতরণ করা হয়েছে। এছাড়া দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলাম ও ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান জানান, তাদের বিদ্যালয়েও প্রায় ৯৫ ভাগ বই দেয়া হয়েছে।
এদিকে দিনাজপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামান জানান, জেলায় মোট বিদ্যালয়ের সংখ্যা ২ হাজার ৪’শ ৭২টি। এর মধ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ৮’শ ৪৬টি। এছাড়া কমিউনিটি বিদ্যালয়, পরিবীক্ষন বিদ্যালয়, এনজিও বিদ্যালয়, কেজি স্কুল, উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, রক্স বিদ্যালয়, আনরেজিষ্ট্রি বিদ্যালয় ও অন্যান্য বিদ্যালয় মিলে আরো ৬’শ ২৬টি বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে ৪ লাখ ৫০ হাজার ৮২৬ জন। এসব শিক্ষার্থীদের জন্য ২১ লাখ ১২ হাজার ৮’শ ৮৮টি বইয়ের চাহিদা রয়েছে।চাহিদা অনুযায়ী প্রায় শতভাগ বই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে দেয়া হয়েছে। প্রাপ্ত এসব বই ইতোমধ্যে জেলার সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে বিতরণ করা হয়েছে। নতুন বছরের শুরুতে আজ রোববার ১ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়।বাংলা, ইংরেজী, গণিত, সমাজ, বিজ্ঞান, ইসলাম ধর্ম শিক্ষা, হিন্দু ধর্ম, খৃষ্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম শিক্ষাসহ প্রাথমিকের ৯টি বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে বলে তিনি জানান।
দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উপলক্ষে বছরের শুাংর দিনে সকালে নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে উঠেছে বিদ্যালয়ের ছাত্রীরা।দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র শেখর ভট্টচার্য। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ছাত্রীদের হাতে বই তুলে দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (চঃদাঃ) বাসুদেব রায় চৌধুরী ও সহকারী প্রধান শিক্ষক (চঃদাঃ) মিসেস লায়লা হাসিনা বানু। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বছরের শুরুর দিনে সকালে নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে উঠেছিল বিদ্যালয়ের ছাত্রীরা।

