বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ আগেই উন্নত হতো: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ আগেই উন্নত হতো, সকলেই সুখে শান্তিতে জীবন-যাবন করতে পারত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ‌্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বার্ষিকীতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় শেখ হাসিনা এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে বাংলাদেশের মানুষ যখন স্বপ্ন দেখতে শুরু করে, তখনই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত‌্যা করা হয়। বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২৫-৩০ বছর আগেই বাংলাদেশ উন্নত-সমৃদ্ধশালী দেশে পরিণত হতে পারত, সবাই সুখে শান্তিতে জীবন-যাপন করতে পারত।’

শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর যারাই ক্ষমতায় এসেছে তাদের একমাত্র লক্ষ্য ছিল নিজেদের আখের গোছানো। পঁচাত্তরের পর যারা ক্ষমতায় এসেছে, তারা কখনো জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায়নি। কারণ তাদের দেহ এ দেশে থাকলেও মন পড়ে থাকত পাকিস্তানে।’

মঙ্গলবার বেলা আড়াইটায় জনসভা শুরু হয়। বেলা সোয়া তিনটার দিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা জনসভাস্থলে পৌঁছান।

জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী, উপদেষ্টা পরিষদসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যসহ দলটির বিপুল-নেতাকর্মী উপস্থিত রয়েছেন।

  •  
  •  
  •  
  •  

Tags: