দিনাজপুরে ভিত্তি বীজ উৎপাদনে ইরি-বোরো চাষাবাদ

দিনাজপুর প্রতিনিধি:

উত্তরের শস্য ভান্ডার দিনাজপুরে ইরি-বোরো চাষাবাদে কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষক। বিএডিসি’র চুক্তিবদ্ধ চাষীরা আগাম ইরি-বোরো চাষাবাদ শুরু করেছেন। উচ্চ ফলনশীল জাতের বোরো’র ভিক্তি বীজ উৎপাদনে পুরোদমে মাঠে কাজ করছেন। সার ও সেচ নিশ্চিত হলে এবং আবহাওয়া অনুকুলে ধাকলে বোরো’র ভালো ফলনও আশা করছেন তারা।

চাষ,জমি তৈরি,বোরো বীজ তোলা ও বোনার কাজে ব্যস্ত সময় পাড় করছেন দিনাজপুরের কৃষক।এবার এক লাখ ৭৫ হাজার ৯০ হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এছাড়াও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসি ৩’শ ২২জন চুক্তিবদ্ধ চাষী’র মাধ্যমে উচ্চ ফলনশীল জাতের বোরো’র ভিক্তি বীজ উৎপাদনে পুরোদমে মাঠে কাজ করছে। বিরল উপজেলার পুরিয়া গ্রামের আদর্শ কৃষক মো. মতিউর রহমান জানান,তিনি এবার উচ্চ ফলনশীল জাতের বোরো’র ভিক্তি বীজ উৎপাদনে ২’শ ২০ একর জমিতে বোরো চাষ করছেন।

ভিক্তি বীজ উৎপাদনে অত্যাধুনিক পদ্ধতিতে বোরো চাষাবাদে কৃষককে কারিগরি সহায়তা ও পরামর্শ দিয়ে আসছে বিএডিসি দিনাজপুর অঞ্চল। বিএডিসি’র দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক (কন্ট্রাক এগ্রো) মো. মোজাফ্ফর হোসেন জানান, দিনাজপুরে উচ্চ ফলনশীল জাতের বোরো ব্রি ধান-২৮ ও ব্রি ধান-২৯ এর ভিত্তি বীজ উৎপাদনে ৩’শ ৩০টি স্কিমে ৩ হাজার ৩’শ ৫৫ হেক্টর জমিতে এর কার্যক্রম চলছে।
দিনাজপুরে উৎপাদিত উচ্চ ফলনশীল জাতের বোরো’র ভিক্তি বীজ সারা দেশে কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়া হবে। এ কারণে আগে-ভাগে শুরু হয়েছে ইরি-বোরো চাষাবাদ।
ইরি-বোরো চাষাবাদে কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষক। সেচ ও সার নিশ্চিত হলে এবং আবহাওয়া অনুকুলে থাকলে এবার এ অঞ্চলে ইরি-বোরো’র বাম্পার ফলন হবে এমনটাই মন্তব্য করেছেন কৃষি বিদরা।

  •  
  •  
  •  
  •