বোরো আবাদে ব্যস্ত চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়ে গেছে বোরো আবাদ। বীজতলায় জন্মানো চারা তুলে তা মাঠে মাঠে লাগানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট ও শিবগঞ্জ উপজেলার মাঠে মাঠে এখন বোরো আবাদের দৃশ্য। এ বছর জেলায় ৪৬ হাজার ৪৭৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের এরশাদ নগর এলাকায় গিয়ে দেখা যায়, জমিতে বোরো ধান রোপণের কাজ করছেন কৃষকরা। এ সময় কথা হয় লোকমান আলী নামে এক কৃষকের সঙ্গে। তিনি জানালেন, বর্গা নেওয়া তিন বিঘা জমিতে ধান লাগানোর কাজ করছেন তিনি।

নাচোল উপজেলায় গিয়েও একই চিত্র পাওয়া মাঠে মাঠে। নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামের কৃষক আলহাজ্জ্ব সেকান্দার আলী জানান, তার ২০ বিঘা জমিতে এবার বোরোর আবাদ করবেন বলে চিন্তা করছেন। এরই মধ্যে বীজতলায় প্রয়োজনীয় চারা উৎপাদন করেছেন। শ্রমিক দিয়ে বীজতলা থেকে চারা তুলে গত এক সপ্তাহ থেকে জমিতে লাগানোর কাজ করছেন।

কসবা ইউনিয়নের কৃষক নাজিম আল মামুন, নেজামপুর ইউনিয়নের কৃষক আবুল কালাম মেম্বারের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণত কোল্ড ইনজুরির কারণে অনেক সময় বীজতলা ক্ষতিগ্রস্ত হলেও এবার তেমনটা হয়নি, ফলে চারার কোনো সঙ্কট নেই। তারা জানান, ব্রী জাতের সোনার বাংলা, ব্রী-আঠাশ, ব্রী-৫১, জিরাশাইল ধানের ফলন ও বাজারমূল্য ভালো পাওয়ায় এসব জাতই লাগিয়েছে অধিকাংশ কৃষক।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা জানান, জেলায় এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৬ হাজার ৪৭৫ হেক্টর। চলতি সপ্তাহ পর্যন্ত ৪০০ হেক্টর জমিতে চারা রোপণ করা হয়েছে। আবহাওয়া ভালো থাকায় ও বীজের কোনো সঙ্কট না থাকায় এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পরিমাণ জমিতে কৃষকরা বোরো আবাদ করবেন বলে আশাবাদী এ কৃষি কর্মকর্তা।

  •  
  •  
  •  
  •  

Tags: