১০ টাকার চাল বিতরণে দুর্নীতি: সাদুল্যাপুরে ইউপি চেয়ারম্যানকে দুদকে তলব

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৩নং দামোদরপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চেয়ারম্যান এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীনকে অভিযোগ প্রামাণের স্বপক্ষে রেকর্ডপত্রসহ তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী ৩০ জানুয়ারী সকাল ১১টায় তাকে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুরে হাজির হতে বলা হয়। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের সচিব, প্রতিটি ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও সংশ্লিষ্ট দুই ডিলারকেও হাজির থাকতে বলা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা প্রবীর কুমার দাস স্বাক্ষরিত (স্বারক নং দুদক/রংপুর/২০১৭/১৭০, তারিখ ২৪ জানুয়ারী) নোটিশ বৃহস্পতিবার বিকেলে ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের কাছে পৌঁছেছে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা প্রবীর কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজির চাল বিতরণে দামোদরপুর ইউনিয়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সুষ্ঠ অনুসন্ধানের স্বার্থে ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বক্তব্য শ্রবণ ও গ্রহণের জন্য নোটিশ পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য- দামোদরপুর ইউনিয়নে ২ জন ডিলারের মাধ্যমে ১২২০ সুবিধাভোগী পরিবারের তালিকা হয়। তালিকা প্রণয়ণে দলীয়করণ, স্বজনপ্রীতি ও নানা অনিয়মের ফলে একাধিক আ’লীগ নেতা, চাকুরীজীবী, শিক্ষক, চিকিৎসক, সাবেক জনপ্রতিনিধি, শিক্ষকের স্ত্রীর নামে কার্ড হয়। এছাড়া একাধিক প্রতিষ্ঠিত ব্যবসায়ী, জমি ও পাকা বাড়ির মালিক, একই পরিবারের একাধিক ব্যক্তিসহ অধিকাংশ স্বচ্ছল এবং বিত্তশালীদের কার্ড দেওয়া হয়।

এসব অনিয়মের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আহ্সান হাবীবের নির্দেশে প্রথম দফায় ২৩২ জনের নামের সংশোধিত তালিকা জমা দেওয়া হয়। কিন্তু সংশোধিত তালিকা থেকে ব্যবসায়ী, পাকা বাড়ির মালিক, স্বচ্ছল ব্যক্তির নাম বাদ পড়েনি। এছাড়া স্বামীর পরিবর্তে স্ত্রী, একই পরিবারের সহোদর ও বাবার পরিবর্তে ছেলের নাম অর্ন্তভূক্ত করা হয়।

  •  
  •  
  •  
  •