শিশু জিহাদ মৃত্যুর ঘটনায় চারজনের ১০ বছরের জেল, দু’জন খালাস

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ের পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুইজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। ২৬ ফেব্রুয়ারি, রোববার দুপুরে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।

মামলায় বিভিন্ন সময়ে মোট ১৩ জন সাক্ষী আদালতে তাদের সাক্ষ্য প্রদান করেন। এর মধ্যে সাফাই সাক্ষ্য পেশ করেন তিনজন। ২০১৬ সালের ৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই আদালত।

মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, শাহজাহানপুরে রেলওয়ে কলোনিতে ওয়াসার একটি পানির পাম্পে লোহার পাইপ দিয়ে কূপ খনন করা হয়। কূপে নিরাপদ ব্যবস্থা না করে মুখ খোলা অবস্থায় দীর্ঘদিন পরিত্যক্তভাবে ফেলে রাখা হয়।

২০১৪ সালের ২৬ ডিসেম্বর শিশু জিহাদ কূপের পাশে খেলার সময় পাইপে পড়ে মারা যায়। এ ঘটনায় জিহাদের বাবা নাসির ফকির ‘দায়িত্বে অবহেলা’য় জিহাদের মৃত্যুর অভিযোগ এনে শাহজাহানপুর থানায় এ মামলা করেন।

২০১৬ সালের ৩১ মার্চ ডিবি পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান রেলওয়ের সহকারী জ্যেষ্ঠ ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অপর আসামিরা হলেন-বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, দীপন কুমার ভৌমিক, নাসির উদ্দিন ঠিকাদার, শফিকুল ইসলাম ও ইলেকট্রিশিয়ান জাফর আহম্মেদ শাকি।

  •  
  •  
  •  
  •