অবশেষে খুলে দেওয়া হলো ফেসবুক
ডেস্ক নিউজ:
অবশেষে ২২ দিন বন্ধ থাকার পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক খুলে দিয়েছে সরকার। তবে বন্ধ রাখা হয়েছে হোয়াটস অ্যাপ ও ভাইবার। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে ফেসবুক খুলে দেয়ার নির্দেশ দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম। এরপরই বিশ্বব্যাপী জনপ্রিয় এই সামাজিক যোগাযোগের মাধ্যম খুলে দেওয়া হয় বলে জানিয়েছেন বিটিআরসির সচিব সারোয়ার আলম।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় তিনি বলেন, শুধুমাত্র ফেসবুক খুলে দেয়া হয়েছে। তবে ভাইবার ও হোয়াটসঅ্যাপ এখনো বন্ধ রয়েছে। এর আগে ফেসবুক খুলে দেয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী তারানা হালিম।
দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘সরকারের নির্দেশনায় ১:৩৫ মিনিটে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে ফেসবুক খুলে দিতে নির্দেশ দিয়েছি।
তিনি আরো বলেন, ফেসবুক বন্ধ থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে অনেক কষ্ট পোহাতে হয়েছে। তবে ভাইবার এবং হোয়াটস্যাপ বন্ধ থাকবে।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর থেকে বাংলাদেশে বন্ধ করে দেয়া হয় ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় এসব সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

