তানোরে মাদকাসক্ত স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোরে মাদকাসক্ত স্বামী মাইনুলকে (২৩) পুলিশে দিয়েছেন স্ত্রী ফাতেমা ও তার পরিবার। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা: শওকাত আলী বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে এ দন্ড দেন। দন্ডপ্রাপ্ত মাইনুল ইসলাম উপজেলার তানোর পৌর এলাকার চাপড়া গ্রামের আয়েন উদ্দীনের পুত্র। সে দীর্ঘদিন থেকে মাদকাসক্ত হয়ে পড়েছিল।

দন্ডপ্রাপ্তের স্ত্রী ফাতেমা বেগম প্রতিবেদককে বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন থেকে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করে প্রতিনিয়ত বাড়িতে তিনি সহ তার পরিবারের অন্য সদস্যদের গালিগালাজ ও অত্যাচার করত। সেই সঙ্গে মাদকের টাকা সংগ্রহ করতে নানা ভাবে ভয়-ভীতি প্রদান করার পাশাপাশি চুরির মত অপরাধে জড়িয়ে পড়ে। অবশেষে কোনো উপায় না পেয়ে অনেকটা বাধ্য হয়ে তাঁকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।’

এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকাসক্ত মাইনুলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বুধবার স্ত্রী ও তার পরিবারের সদস্যরা তাকে থানা পুলিশের হাতে সোপর্দ করে। পরে পুলিশ তাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা: শওকাত আলী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আসামী মাইনুলকে বিনাশ্রম কারাদন্ডের এ রায় প্রদান করে।

ওসি আরো জানান, দন্ডপ্রাপ্ত আসামীকে গতকাল বুধবার দুপুরেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •