ড. আমজাদ হোসেন সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক

পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে (বিএসআরআই) ড. আমজাদ হোসেন নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন। চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় সাবেক মহাপরিচালক খলিলুর রহমানের স্থলাভিষিক্ত হলেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানের মিলনায়তনে আমজাদ হোসেনকে বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। অফিসার্স কল্যাণ সমিতি নতুন মহাপরিচালককে সঙ্গে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসআরআইয়ের পরিচালক (প্রযুক্তি হস্তান্তর) এ এস এম আমানুল্লাহ, প্রকল্প পরিচালক সমজিৎ পাল, অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি শরফুদ্দিন আহমেদ প্রমুখ।

বিএসআরআই সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের নির্বাহী আদেশে গত মঙ্গলবার তিনি নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান। আমজাদ হোসেন ইনস্টিটিউটের পরিচালক গবেষণা পদে দায়িত্বে ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার দোপমাজ গ্রামে। ১৯৮৭ সালে এই ইনস্টিটিউটে তিনি বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকরিজীবন শুরু করেন। গবেষণায় ভালো ফলাফলের জন্য জাপানের শিনসু বিশ্ববিদ্যালয় থেকে ‘সিলভার মেডেল অব থ্রি রেড পিপার’ পদক লাভ করেন তিনি। দেশে-বিদেশের বিভিন্ন জার্নাল, বই ও পত্রপত্রিকায় কৃষি ও আখ নিয়ে তাঁর ১৩৪টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

  •  
  •  
  •  
  •