কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে ভারতীয় গাঁজা আটক
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৮ কেজি ৫শ গ্রাম গাঁজা আট করেছে বিজিবি।
শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি উপজেলার বালারহাট বিওপির নায়েব সুবেদার মোঃ আব্দুস সোবহান এর নেতৃত্বে একটি টহল দলটি অভিযান পরিচালনা করে। এসময় টহল দলটি বালারহাট সীমান্তে আর্ন্তজাতিক পিলার ৯৩৫ এর ৩ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খলিসাকোটাল নামক স্থানে অবস্থান গ্রহণ করে। পরে একজন চোরাকারবারী পাঁয়ে হেটে মাথায় বস্তা নিয়ে টহলদলের নিকটবর্তী হলে টহলদলকে দেখা মাত্রই মাথার বস্তা মাটিতে ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে সেখান থেকে বিজিবি টহলদল ভারতীয় ৮ কেজি ৫শ গ্রাম গাঁজা জব্দ করে। জব্দকৃত গাঁজার সিজার মূল্য ২৯ হাজার ৭শ ৫০ টাকা বলে জানায় বিজিবি।
কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আউয়াল উদ্দীন আহমেদ বলেন, জব্দকৃত গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।

