খাদিজা হত্যাচেষ্টা মামলায় বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যাচেষ্টা মামলার একমাত্র আসামি ছাত্রলীগ নেতা বদরুল আলমের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা; অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

৮ মার্চ বুধবার বেলা ১১টায় সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা বাংলায় চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।

মামলায় ৩৭ জন সাক্ষীর মধ্যে ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য প্রমাণের মাধ্যমে বদরুলের অপরাধ প্রমাণ করা সম্ভব হয়েছে। ১ মার্চ সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালত থেকে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। ওই আদালতে আসামির সর্বোচ্চ শাস্তি প্রদানে সীমাবদ্ধতা থাকায় দায়রা জজ আদালতে আসে মামলাটি।

উল্লেখ্য, গত বছর ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালটির ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম।

ঘটনার পরপরই শিক্ষার্থীরা বদরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। হামলার ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে মামলা করেন। ৫ অক্টোবর বদরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে কারাগারে প্রেরণ করেন আদালত। এ ছাড়া ঘটনার পর শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় বদরুলকে।

  •  
  •  
  •  
  •  

Tags: