ব্যবসায়ীর বিরুদ্ধে কৃষকের আলু চুরির অভিযোগ

তানোর (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর তানোরে রাস্তার পাশে বস্তা ভর্তি কৃষকের আলু চুরির অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে বুধবার দিবাগত রাতেই উপজেলার আড়াদিঘি গ্রামের আলু চাষী শহিদুল ইসলাম বাদী হয়ে কাশিম বাজার এলাকার আলু ব্যবসায়ী আব্দুল মতিন ও তাহাসের আলীর বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাশিম বাজার এলাকার আলু ব্যবসায়ী শামসুদ্দিন বুধবার সকালে আড়াদিঘি গ্রামের আলু চাষী শহিদুল হকের ১৪৬ বস্তা আলু ক্রয় করেন। এসব আলু মাঠ থেকে তুলে বুধবার বিকেলে তানোর- মুন্ডুমালা রাস্তার আড়াদিঘির মোড়ের ছাত্রী ছাউনির সামনে খামাল দিয়ে রাখা হয়।

আলু চাষী শহিদুল জানান, ব্যবসায়ী শামসুদ্দিনের কথা মতো বস্তা ভর্তি আলু রাস্তার পাশে রাখা হয়। বুধবার সন্ধ্যার পরে তিনি বাড়ি গেলে কাশিম বাজার এলাকার আলু ব্যবসায়ী আব্দুল মতিন ও তাহাসের ট্রাক ভিড়িয়ে সেখান থেকে তার ২১ বস্তা আলু তুলে নেয়। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন তার আলু চুরি হয়ে গেছে।

এনিয়ে ব্যবসায়ী আব্দুল মতিন জানান, তার দাম করা আলু শামসুদ্দিন টিক্কা দিয়ে ক্রয় করেছেন। একারণে তিনি ট্রাক বুঝ দিতে আলু তুলে নিয়েছেন। তবে, আলুর মালিককে দাম দেবার কথা হয়েছে বলে জানান এই ব্যবসায়ী।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আব্দুস সালাম জানান, অভিযোগ পাওয়া পর ঘটনা তদন্ত করা হয়েছে। বাদী চাইলে থানায় মামলা রুজু করা হবে।

  •  
  •  
  •  
  •