গাইবান্ধায় নববধূর লাশ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সদর উপজেলায় লিজা আকতার (২২) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের মিরপুর বাজারের কাচা রাস্তার একটি কালভার্টের পাশ থেকে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লিজা আকতার সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নয়নি সাদেকপুর গ্রামের লিটন মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি লিজা আকতারের সঙ্গে পাশবর্তী সাদুল্যাপুর উপজেলার কুঞ্জমহিপুর গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে হয়। বিয়ে বিদায় ও আনুষ্ঠানিকতা না হওয়ায় লিজা তার বাবার বাড়িতেই থাকতেন। রবিবার সকালে লিজার লাশ পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। পরে তারা বিষয়টি থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরে লাশের সুরতাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। লাশ উদ্ধারের সময় লিজার মুখ দিয়ে রক্ত ঝরছিল। এছাড়া তার মাথা ও কানে আঘাতের চিহৃ রয়েছে।
তবে লিজা আকতারের মা বিলকছ বেগম জানান, রাতে লিজার মোবাইল একটি ফোন আসলে লিজা ঘর থেকে বাহিরে যায়। এরপর সকালে লিজার লাশ পাওয়া যায়।

