সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে তানোর প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
তানোর (রাজশাহী) প্রতিনিধি :
একদিনে দেশের তিন জেলায় চার সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী তানোর উপজেলা প্রেসক্লাবের পেশাগত সাংবাদিকবৃন্দ।
সোমবার সকাল ১১টার দিকে তানোর থানা সদরের মরহুম শিশ মোহাম্মদ মার্কেটে অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে জরুরি সভা আহ্বান করে সভাপতি ইমরান হোসাইন ও সাধারণ সম্পাদক আব্দুস সবুর লিখিত বক্তবের মাধ্যমে এ প্রতিবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আলিফ হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, দপ্তর ও প্রচার সম্পাদক সোহানুল হক পারভেজ, নিবার্হী সদস্য সাংবাদিক শফিকুল ইসলাম, সেলিম রেজা প্রমুখ।
সভায় লিখিত বক্ত্যবে প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসাইন বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে গত শনিবার মাদারীপুরের কালকিনিতে দৈনিক যায়যায়দিন প্রতিনিধি শহীদুল ইসলামকে গাছের সঙ্গে বেঁধে বর্বরোচিত কায়দায় নির্যাতন করে দুর্বৃত্তরা। একইদিন সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কমর্রত দুই সাংবাদিক নেতা সরদার আব্বাস আলী ও নবীউল আলমকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। প্রায় একই সময় বগুড়ায় সন্ত্রাসী হামলার শিকার হন এটিএন বাংলার ক্যামরাম্যান আজিজুল হাকিম। সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি ও কণ্ঠরোধের জন্য এ ধরনের কর্মকান্ড স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরুপ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সবুর বলেন, কালকিনির ঘটনায় সাংবাদিক শহীদুল ইসলামকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতন করেই সন্ত্রাসীরা ক্ষ্যান্ত হয়নি, তাকে বানোয়াট চাঁদাবাজির মামলায় পুলিশ দিয়ে আটক করিয়ে জেলহাজতে পাঠিয়েছে। তাকে চিকিৎসার সুযোগ পর্যন্ত দেয়া হয়নি। তিনটি ঘটনায়ই সন্ত্রাসীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারি দলের সঙ্গে জড়িত বলে জানা গেছে। সত্য প্রকাশের জেরে মামলা দিয়ে ও হামলা করে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না। ২৪ ঘণ্টায় দেশের তিন প্রান্তে আলাদা ঘটনায় চারজন কমর্রত সাংবাদিক নির্যাতিত হওয়ার ঘটনা প্রমাণ করে সাংবাদিকরা কতটা নিরাপত্তাহীনতায় পেশাগত দায়িত্ব পালন করছেন। তাই তানোর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে অবিলম্বে এ সকল হামলা ও মামলার সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে বিচার দাবী করেন তিনি।

