ইসকন মন্দিরে হামলা: আটক ৫ জন রিমান্ডে
গাইবান্ধা প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলার ইসকন মন্দিরে গুলি ও বোমা হামলার ঘটনায় গাইবান্ধায় আটক শওকত আলী (৪৮) ও আবু জাফর ইকবালসহ (৪৯) তার তিন ছেলেকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জেলার পলাশবাড়ী আমলী আদালতের বিচারক ওমা. ওয়াহেদুজ্জামান সরকার রবিবার বিকেলে শুনানী শেষে রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। এসময় আটক পাঁচ জন আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম আটকদের আদালতে হাজির করে ৭ দিন করে রিমান্ডের আবেদন করেন। কিন্তু আদালতের বিচারক শুনানী শেষে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তারা হলেন, পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের শওকত আলী (৪৮), মনোহরপুর কমিউনিটি হাসপাতালের স্বাস্থ্য সহকারী আবু জাফর ইকবাল (৪৯) তার ছেলে ফরহাদ (২২), ফুয়াদ (২০) ও শিহাব (১৯)।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ড মঞ্জুর হলে আটকদের পলাশবাড়ী থানায় নিয়ে আসা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরআগে জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা জানাতে চাননি তিনি।
প্রসঙ্গত: বৃহস্পতিবার (১০ ডিসেম্বার) রাত ৮ টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার ইসকন মন্দিরে ধর্মসভা চলাকালে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। এসময় রঞ্জিত চন্দ্র রায় (৪৫) ও মিঠুন চন্দ্র রায় (২৫) গুলিবিদ্ধ হয়।
এদিকে, এ ঘটনার পর কাহারোল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। ঘটনার পর রাতেই স্থানীয় জনতা গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের শরিফুল ইসলামসহ (২১) দুই যুবককে আটক করে পুলিশে সোর্পদ করে।

