বোরো মৌসুমে ২৪ টাকায় ধান ও ৩৪ টাকায় চাল কিনবে সরকার
নিজস্ব সংবাদদাতা:
চলতি বোরো মৌসুমে ৭ লাখ মেট্রিক টন ধান এবং ৮ লাখ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। কৃষকের কাছ থেকে সরাসরি এ সব খাদ্যশস্য কেনা হবে। এ জন্য কেজিপ্রতি ধানের দাম ধরা হয়েছে ২৪ টাকা, আর চাল কেনা হবে ৩৪ টাকায়। তবে আতপ চাল কেনা হবে ৩৩ টাকা কেজি দরে।
মোট ৮ লাখ মেট্রিক টন চালের মধ্যে ১ লাখ মেট্রিক টন কেনা হবে আতপ চাল। সরাসরি একাউন্ট পে-চেকের মাধ্যমে ধান-চালের মূল্য কৃষককে দেওয়া হবে।
১৬ এপ্রিল রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এ সব তথ্য জানান।
রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সংগৃহীত ছবি
তিনি জানান, ধান-চাল ছাড়াও চলতি মৌসুমে ২৮ টাকা কেজি দরে ১ লাখ মেট্রিক টন গম সংগ্রহ করবে সরকার। ধান-চাল সংগ্রহ অভিযান চলবে ২ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত। আর গম কেনা হবে ১৮ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত।
সরকারি হিসেবে এ বছর প্রতি কেজি ধানের উৎপাদন খরচ পড়বে ২২ টাকা আর চাল ৩১ টাকা। গমের উৎপাদন হবে কেজিপ্রতি ২৮ টাকায়।
বন্যায় হাওর অঞ্চলে সাড়ে ৪ লাখ মেট্রিন টন বোরো ধানের ক্ষতির আশঙ্কা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, অন্যান্য এলাকায় বাম্পার ফলন হওয়ায় এ ক্ষতি পুষিয়ে নিতে কোনো সমস্যা হবে না।

