তানোরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৯
তানোর (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর তানোর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত গত ১২ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৫ জন মাদক সেবীকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহা : শওকাত আলীর কার্যালয়ে হাজির করা হলে রাতেই ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে তাঁদের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কলমা ইউপির ভালুকাকান্দর গ্রামের হায়দার আলীর পুত্র সাহেব আলী (৪০), ইলামদহি গ্রামের জান মোহাম্মদের পুত্র শহিদুল ইসলাম (৩১), একই গ্রামের তাছির উদ্দীনের পুত্র আব্দুর রহমান (৪১), বনকেশর গ্রামের মৃত আমজাদ আলীর পুত্র ইউসুব আলী (৫২) ও একই গ্রামের রফাতুল্লাহ্ পুত্র এনামুল হক (৪৩)।
অন্যদিকে, থানায় পৃথক দুইটি মামলায় আরো চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন, চুরি মামলায় উপজেলার বিনোদপুর গ্রামের লায়েব আলীর পুত্র তৈয়ব আলী (৩৯), তার স্ত্রী আফরোজা বিবি (৩৬), নারী ও শিশু নির্যাতন মামলায় চাঁপাই নবাবগঞ্জ জেলার মুনসেফপুর গ্রামের জামাল উদ্দীন (৪৯) ও তার পুত্র ওয়াজের হোসেন (২৮)।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আব্দুস সালাম প্রতিবেদককে জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার রাতভর থানার এসআই নাজমুল হক, এএসআই কামরুজ্জামান (১), এএসআই কামরুজ্জামান(২), এএসআই শাহজাহান সিরাজ, এএসআই বিপেন চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। রাতেই ভ্রাম্যমাণ আদালতে পাঁচ মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দেন বিচারক।
ওসি আরো জানান, দন্ডপ্রাপ্ত ও আটককৃতদের মঙ্গলবার দুপুরেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত উপজেলা গড়তে এরকম মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

