বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহর ঢাকা
ডেস্ক নিউজ:
জাতিসংঘের হ্যাবিটেট প্রতিবেদনে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হিসেবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকায়ও এ বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে বলা হয়, ঢাকায় প্রতি বর্গকিলোমিটারে ৪৪ হাজার ৫০০ জন মানুষ বসবাস করছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাতীয় পরিসংখ্যান অফিস থেকে এসব তথ্য সংগ্রহ করেছে জাতিসংঘের হ্যাবিটেট এবং সংগৃহীত তথ্য একেবারে নির্ভেজাল। তাতে দেখা গেছে, ঘনবসতির দিক দিয়ে এক নম্বর অবস্থানে আছে ঢাকা।
বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহরের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভারতের বাণিজ্যনগরী মুম্বাই। তৃতীয় স্থানে আছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার শহর মেডেলিন। যৌথভাবে চতুর্থ স্থানে আছে ফিলিপাইনের ম্যানিলা ও সিঙ্গাপুর।
অবশ্য জাতিসংঘের অপর এক হিসেবে, ম্যানিলাকেই এশিয়ার মধ্যে সবচেয়ে ঘনবসতির শহর বলে বিবেচনা করা হয়েছে।
ইউরোপে ঘনবসতির শহরের তালিকায় শীর্ষে ফ্রান্সের প্যারিস, গ্রিসের অ্যাথেন্স ও স্পেনের বার্সেলোনা। উত্তর আমেরিকার মধ্যে শীর্ষে আমেরিকার নিউইয়র্ক, দক্ষিণ আমেরিকায় মেডেলিন এবং অস্ট্রেলিয়ায় সিডনি।
সূত্র: দৈনিক মানবজমিন

