সমাপ্ত হলো বাকৃবিতে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন-টিটি প্রতিযোগিতা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের কনভেনার (ইনচার্জ) অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির। এছাড়াও বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ও প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির সদস্য-সচিব কৃষিবিদ মো. আসাদুল হক সজল।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “পড়াশোনার পাশাপাশি বাকৃবির শিক্ষার্থীরা খেলাধুলা, নৈতিক চরিত্র গঠন ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনকে প্রাণবন্ত রাখতে এ ধরনের আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
ভাইস-চ্যান্সেলর আরও বলেন, “ক্রীড়ার মাধ্যমে সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে। বর্তমান সরকারও ক্রীড়া প্রশিক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”
উল্লেখ্য, দেশের ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের অংশগ্রহণে পাঁচদিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার টেবিল টেনিস (ছাত্র) বিভাগে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, রানার্সআপ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। টেবিল টেনিস (ছাত্রী) বিভাগে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, রানার্সআপ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ব্যাডমিন্টন (ছাত্র) বিভাগে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রানার্সআপ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়।ব্যাডমিন্টন (ছাত্রী) বিভাগে চ্যাম্পিয়ন হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রানার্সআপ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়।
সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়, বাকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আসিফ/এসবি


