নাটোরে বিজয় দিবস উদযাপন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
নাটোর প্রতিনিধি:
সারাদেশের ন্যায় নাটোরেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন ও বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসনের আয়েজনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকালে শহরের শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষাথী, মুক্তিযোদ্ধা, আনসারসহ বিভিন্ন প্রতষ্ঠানের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক মশিউর রহমান ও পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী। অনুষ্ঠানে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল উপস্থিত ছিলেন। পরে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের শারিরীক কসরৎ প্রদর্শন করা হয়।
এর আগে জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরে কান্দিভিটাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপিসহ দলীয় নেতৃবৃন্দ। এ ছাড়া দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহন করা হয়।
এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে নাটোরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবধর্না প্রদান করেছে জেলা প্রশাসন।
দুপুরে শহরের কানাইখালি মাঠে জেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মশিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা পরিষদ প্রশাসক সাজেদুর রহমান খান, পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানে জেলার প্রায় তিন শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়।
অপরদিকে নাটোরের সিংড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক উপজেলা পরিষদ চত্বরে ৩৩ লাখ টাকা ব্যায়ে নবনির্মিত স্মৃতি সৌধের ফলক উন্মোচন ও পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে তিনি সেখানে বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ আয়োজিত কুচকাওয়াজে অংশ নেন। এ সময় উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হেমন্ত হেনরী কুবরীসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যান্য উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়।

