৭ দফা দাবী আদায়ে উত্তরবঙ্গে ৪৮ ঘন্টার পণ্যবাহী পরিবহন ধর্মঘট চলছে
দিনাজপুর প্রতিনিধি:
৭ দফা দাবী আদায়ে আজ রোববার থেকে দিনাজপুরসহ উত্তরবঙ্গে ৪৮ ঘন্টার পণ্যবাহী পরিবহন ধর্মঘট চলছে। উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সকাল ৬টা থেকে ডাক দিয়েছে এই ধর্মঘটের।
মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি সিরাজুল ইসলাম জানান, পুলিশী হয়রানী বন্ধ, গাড়ির বাম্পার-এ্যাঙ্গেল খোলার আদেশ প্রত্যাহার, সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ ৭ দফা দাবীতে এই ৪৮ ঘন্টার ধর্মঘট চলছে। তা সোমবার পর্যন্ত চলবে।
তিনি অভিযোগ করেন,গাড়ির কাগজপত্র দেখার অজুহাতে ভ্রাম্যমান আদালতের নামে সার্জেন্ট ও হাইওয়ে পুলিশ মালবাহিগাড়ি পুলিশ লাইনে নিয়ে আটকে রেখে পরে মোটা অংকের টাকার বিনিময়ে তা আবার ছেড়ে দেয়া হয়।
৭ দফা দাবী মানা না হলে ঈদের পর থেকে লাগাতার পণ্য পরিবহন ধর্মঘট পালন করা হবে বলে তিনি জানান।
এদিকে এ ধর্মঘটের ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তারা পরিবহণ করতে পারছেননা তাদের পণ্য।

