জাবিতে ফুটবল খেলায় রেফারীকে মারধর
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) চ্যান্সেলর কাপ ফুটবল প্রতিযোগিতা চলাকালীন সময়ে ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক রেফারীকে মারধর করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মারধরের শিকার ভারত চন্দ্র সরকার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষক। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে মীর মোশারফ হোসেন হল ও আ ফ ম কামালউদ্দিন হলের ফাইনাল খেলায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা শুরু হওয়ার ১০মিনিটের মধ্যে মীর মোশারফ হোসেন হল একটি গোল করে। তখন থেকেই উত্তেজনা শুরু হয়। খেলা শেষ হওয়ার ১৩ মিনিটি আগে মীর মোশারফ হোসেন হলের এক খেলোয়াড় ফাউল করেছে এমন অভিযোগে কামালউদ্দিন হলের ১০ থেকে ১৫জন ছাত্রলীগ নেতাকর্মীরা রেফারী ভারত চন্দ্র সরকারকে কিল-ঘুষি মারতে থাকে। তখন উভয় দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনির উপস্থিতিতে এমন ঘটনায় হতবাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ ঘটনার প্রায় আধা ঘন্টা খেলা বন্ধ থাকে। পরে ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম উপস্থিত হলে ফের খেলা শুরু হয়। খেলায় মীর মোশারফ হোসেন হল ৩-১ গোলে কামালউদ্দিন হলকে পরাজিত করে।
এ বিষয়ে সহকারী প্রক্টর শেখ আদনান ফাহাদ বলেন, দক্ষিণ এশিয়ার নাম করা রেফারী ভারত চন্দ্র সরকারকে মারধর করাটা খুবই দু:খজনক। তিনি শুধু রেফারী নয়; একজন কলেজের শিক্ষকও। খেলা পরিচলনা করার জন্য আমরা তাকে বাইরে থেকে নিয়ে এসেছি।
মারধরের বিষয়ে ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, যারা মারধর করেছে তারা ছাত্রলীগের কেউ নয়। হলের শিক্ষার্থীরা এমন ঘটনা ঘটিয়েছে। এটা খুবই দু:খজনক। যারা এ ঘটিনায় জড়িত তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

