সংবাদ মাধ্যমের সামনে কাঁদলেন ভাস্কর মৃণাল হক

নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানোর সময় সংবাদ মাধ্যমের সামনে কাঁদলেন জাস্টিশিয়া ভাস্কর্যটির ভাস্কর মৃণাল হক। এসময় তিনি বারবার দু’হাত দিয়ে তার চোখ মুছছিলেন। বুধবার ভাস্কর্য সরানোর সময় থেকেই তিনি ভাস্কর্যের পাশে অবস্থান করছিলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে মৃণাল হক জানান, অনেককে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। প্রেসারে (চাপে) আমাকে এটিকে (ভাস্কর্য) সরিয়ে নিতে বাধ্য করা হচ্ছে। আমাকেই বলা হয়েছে, চাপ দিয়ে সরাতে বলা হয়েছে। ভাস্কর্যটি আরেকজন সরাতে পারলেও এটি নষ্ট হয়ে যেতে পারে।

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সামনে লালনের ভাস্কর্যটিতে আমি দেড়/দুই কোটি টাকা লস খেয়েছি। সরকারই এটা ভেঙেছে আবার সরকারই চুপচাপ থেকেছে। মতিঝিলে বক পাখি নষ্ট করা হয়েছে। এগুলোতো বলতে গেলে বিপদ।

গতকাল মঙ্গলবার ভাস্কর্য সরানোর বিষয়ে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান। তবে কে বা কারা এই নির্দেশনা দিয়েছেন সংবাদ মাধ্যমকে তা জানাতে রাজি হননি তিনি।

মৃণাল হক আরো বলেন, আমি আমেরিকায় রাজকীয়ভাবে ছিলাম। সব ফেলে দেশে ফিরে এসেছি। আমরা শুধু দেশকে ভালোবাসি, এটা মুখে বলি। অনেক আর্টিস্ট আমার পেছনে আছে, কনসেপশন (ধারণা) বলে কিছু ছিলোনা। ঢাকায় ২৫টির মত ভাস্কর্য করেছি। অনেকে আর্টিস্ট ক্রিটিসাইজ করে, তারা কেন নিজেদের টাকায় করেনা? তারা কেন আসেনা? তারা ক্রিটিসাইজ (সমালোচনা) করে আমার কাজের। তারা কেন আসেনা?

তিনি বলেন, এই ভাস্কর্যের এখানে গ্রীক মূর্তির কি পাওয়া যায়? এটা বাঙালী মেয়ের ভাস্কর্য। এটি সম্পূর্ণ একটি বাঙালী মেয়ে। শাড়ী, ব্লাউজ পরানো এবং হাতে তালোয়ার দিয়ে সাজানো। এখন কেউ এটাকে সরাতে গিয়ে নষ্ট, চ্যাপ্টা করে ফেলুক তা আমি চাইনা। তাই আমি নিজে নিতে এসেছি।

  •  
  •  
  •  
  •