আইসিইউতে হেফাজত আমির আল্লামা শফী
নিজস্ব প্রতিবেদক:
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। ৬ জুন মঙ্গলবার দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়।
বর্তমানে তিনি ঢাকার গেন্ডারিয়া আজগর আলী হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন। আল্লামা শফীর আরোগ্য কামনায় দেশের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিশেষ দোয়া কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম।
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘দীর্ঘদিন ধরে তিনি বাধ্যর্কজনিত রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে শরীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়।’
‘৫ জুন সোমবার রাত থেকে তার শরীরের অবস্থা চরম অবনতি হয়। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক আজ (৬ জুন) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি আজগর আলী হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন’, বলেন আজিজুল হক।
হেফাজতে ইসলাম আমিরের আল্লামা শফীর প্রেস সচিব মাওলানা মুনির আহমেদ বলেন, ‘হেফাজতে ইসলাম আমিরের আরোগ্য কামনা করে দেশের মসজিদ মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে তার দ্রুত আরোগ্য কামনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।’

