গাইবান্ধায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

গাইবান্ধা প্রতিনিধি :

জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় মোছা. মাজেদা বেগম (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী আশরাফুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ।

সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামের আশরাফুল ইসলামের নিজ বাড়ির ঘরের বিছানা থেকে শুক্রবার রাত সোয়া ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

মাজেদা বেগম ওই গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী ও একই ইউনিয়নের জামাল গ্রামের মৃত্যু মানিক মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, মাজেদার বাবা মারা যাওয়ার পর তার মা ও ভাই বোনেরা ঢাকায় থাকেন। গত ৭ বছর পূর্বে মাজেদার সঙ্গে আশরাফুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে মাজেদার সঙ্গে আশরাফুলের দাম্পত্য কলহ লেগে ছিল। মাঝে মধ্যে আশরাফুল তার স্ত্রী মাজেদাকে মারধর করতেন। ফলে গত ৬ মাস আগে আশরাফুল ও মাজেদা মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর পারিবারিকভাবে তাদের মধ্যে আবারও বিয়ে হলে তারা দু’জনে ঘর সংসার করছিলেন।

তারা আরও জানান, আশরাফুলের একটি ৫ বছরের ছেলে সন্তান থাকার পরেও সম্প্রতি আশরাফুল পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। গত ১৫-২০ দিন আগে আশরাফুল গোপনে তাকে বিয়ে করেন। বিয়ের খবর জানাজানি হলে দু’জনের মধ্যে আবারও কলহ সৃষ্টি হয়। বৃহস্পতিবার সারাদিন মাজেদাকে বাড়িতে দেখতে পায়নি প্রতিবেশিরা। পরে সন্ধ্যার পর ঘরের বিছানার উপর মাজেদা লাশ দেখতে পায় তারা। এরপর বিষয়টি তারা থানা পুলিশকে জানায়।

মাজেদার মামা খবির উদ্দিন জানান, মাজেদার সঙ্গে তার স্বামী আশরাফুলের সংসার জীবনে বনিবনা ছিলনা। স্ত্রী সন্তান থাকা সত্বেও পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন আশরাফুল। এ কারণে আশরাফুল মাজেদাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার পর লাশ বিছানায় ফেলে রাখে।

এদিকে, মাজেদার স্বামী আশরাফুল ইসলাম জানায়, বিকেল ৩টার দিকে তাকে হাসানগঞ্জ রেল স্টেশনের পরিত্যাক্ত একটি ঘর আটক করে রাখেন মাজেদার আতœীয়-স্বজন। তবে মাজেদার মৃত্যু সম্পর্কে তিনি জানান, সকালে মাজেদার হাতের রুটি খেয়ে তিনি কাজে বেরিয়ে যান। এরপর কিভাবে মাজেদার মৃত্যু হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবী করেন।

ঘটনাস্থলে থাকা বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবদুল ওয়াহেদ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য আশরাফুল ইসলামকে আটক করা হয়েছে। এছাড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে মাজেদার শরীরে কোন আঘাতে চিহৃ পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মাজেদার মৃত্যু আতœহত্যা না কি অন্য কিছু তা নিশ্চিত হওয়া যাবে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাইল হোসেন জানান, লাশের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান। এ ঘটনায় রাত সাড়ে ৮টা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।

  •  
  •  
  •  
  •