স্কুলজীবনের সমাপ্তি মালালার, এলেন টুইটারে
নিউজ ডেস্ক:
পাকিস্তানি নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই টুইটারে অ্যাকাউন্ট খুলে নারী শিক্ষার জন্য তার লড়াইয়ে সবার সাহায্য চেয়েছেন।
বিবিসি জানিয়েছে, ১৯ বছর বয়সী মালালা শুক্রবার টুইটারে অ্যাকাউন্ট খোলেন; একইদিন তার স্কুলজীবনেরও সমাপ্তি ঘটে, যাকে ‘অম্লমধুর’ মুহূর্ত হিসেবে অ্যাখ্যা দিয়েছেন এই তরুণী।
২০১৪ সালে শান্তিতে নোবেলজয়ী মালালা টুইটারে এক প্রতিক্রিয়ায় বলেন, বিশ্বের লাখো মেয়েশিশু, যারা স্কুল শেষ করতে পারেনি, তাদের কথাই তিনি চিন্তা করছেন।
মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে মাত্র ১১ বছর বয়স থেকেই ব্লগ লেখা শুরু করেন মালালা। সেসময় পাকিস্তানের সোয়াত উপত্যকায় পরিবারের সঙ্গেই থাকতেন তিনি। বিবিসি উর্দু ওয়েবসাইটে মেয়ে শিশুদের শিক্ষার অধিকার নিয়ে লেখালেখি করার কারণে তালেবানের বিরাগভাজন হন তখনকার এই কিশোরী।
২০১২ সালের অক্টোবরে তালেবান জঙ্গিরা স্কুলবাসে উঠে মালালাকে গুলি করে। মাথায় গুলিবিদ্ধ মালালা শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান। জরুরি চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়; এরপর সুস্থ হয়ে প্রবাসেই পড়ালেখা চালিয়ে যান তিনি।
বিবিসি জানায়, শুক্রবার সন্ধ্যায় টুইটারে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাত্রা শুরু হয় মালালার।
নারী শিক্ষা নিয়ে লড়াইয়ে সবার সমর্থন প্রত্যাশার পাশাপাশি এদিন মালালা জানান, চলতি গ্রীষ্মে বিশ্বজুড়ে এ নিয়ে প্রচারও চালাবেন তিনি।

