ইলিয়াস আলীর স্ত্রীকে লন্ডনে যেতে বাধা না দেয়ার নির্দেশ হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে লন্ডনে যেতে বাধা না দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে তাকে বিদেশ যেতে বাধা দেয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।
১০ জুলাই সোমবার এ সংক্রান্ত এক আবেদনের শুনানি করে হাইকোর্টের বিচারপতি মো. তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফারুকের (এম ফারুক) সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন ও রুল জারি করেন।
আদালতে রিটকারীর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তার সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন।
৯ জুলাই রোববার সকালে লন্ডন যাওয়া উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হলে ইমিগ্রেশন পুলিশ লুনাকে আটকে দেয় বলে অভিযোগ ওঠে। এরপর ১০ জুলাই সোমবার হাইকোর্টে রিট দায়ের করেন ইলিয়াস আলীর স্ত্রী।
এ বিষয়ে তার আইনজীবী সগির হোসেন লিয়ন বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনাকে রোববার সকাল ১০টায় লন্ডন যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ। এর বিরুদ্ধে ১০ জুলাই সোমবার হাইকোর্টে রিট দায়ের করেন তিনি। ওই রিটের শুনানিতে আদালত এই আদেশ দেন।

