তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনা

নিজস্ব প্রতিবেদক:
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এ সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে গার্ড অব অনার প্রদান করা হয়। সিরিসেনার সফরসঙ্গী হয়ে এসেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রবি করুনায়েকে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী অরুনা প্রিয়াদর্শনা, উচ্চশিক্ষা ও জনপথ প্রতিমন্ত্রী মোহন লাল গ্রেরো, কৃষি প্রতিমন্ত্রী ওয়াসানতা আলুইহারে, অর্থ ও গণযোগাযোগ উপমন্ত্রী লাসান্থা আলাগাইয়ানা ও নৌপরিবহন উপমন্ত্রী নিশান্থা মোথোতেইগামাসহ ৭৩ সদস্যের প্রতিনিধি দল।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে এই সফরে ঢাকা ও কলম্বোর মধ্যে দশটির বেশি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। তিন দিনের সরকারি সফরে ১৩ থেকে ১৫ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বাংলাদেশে অবস্থান করবেন।

বৃহস্পতিবার বিকেলে তিনি সাভারে জাতীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শন ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন।

এছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন। আজ সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

শুক্রবার বিকেলে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জাতীয় সংসদের স্পিকার, সংসদের বিরোধীদলীয় নেতা ও স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া মাইথ্রিপালা সিরিসেনা এদিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং তার সম্মানে রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে অংশ নেবেন।

সবশেষে শনিবার সকালে ঢাকায় স্থানীয় একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয়, এমসিসিআই ও বিডার যৌথ উদ্যোগে আয়োজিত বিজনেস সংলাপে যোগদান শেষে কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

  •  
  •  
  •  
  •  

Tags: