ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ার পর ১৬ মাস বয়সী শিশুর মৃত
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ার পর মৃত ১৬ মাস বয়সী শিশু নুরীল কাজীর লাশের ময়নাতদন্ত হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মনির বলেন, এ ঘটনায় শিশুটির চাচা কাজী কাইয়ুম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নড়াইলের সিভিল সার্জন ডা. আমিন আহম্মেদ খান বলেন, শিশু নুরীল কাজীর মৃত্যু নিয়ে যেহেতু বিতর্ক রয়েছে তাই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত হচ্ছে।
উল্লেখ্য, শনিবার সকাল ১১টায় শিশু নুরীলকে উপজেলার লাহুড়িয়ার সৈয়দ বাড়ির কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে নেয় তার মা। ক্যাপসুল খাওয়ানোর পর বাড়ি নিয়ে দুধ খাওয়ানোর পর শিশুটি ঘুমিয়ে পড়ে। এরপর দুপুর দেড়টার দিকে ডেকেও শিশুটিকে ঘুম থেকে উঠাতে না পেরে মা মনিরা বেগমের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। এসময় প্রতিবেশীরা এসে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান।
শিশুটির বাবা মান্নান কাজীর অভিযোগ, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কারণে তার সন্তানের মৃত্যু হয়েছে।

