জাবিতে খাবারের দোকানে ২৩ হাজার টাকা জরিমানা
জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন নিচু বটের পাঁচটি খাবারের দোকানে ২৩ হাজার টাকা জরিমানা করেছে হল কতৃপক্ষ।
মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
খাবারের মূল্য বেশি, বাসি খাবার পরিবেশন, খাবার পানি অপরিস্কার, অস্বাস্থ্যকর পরিবেশ, মূল্য তালিকা প্রদর্শন না করা ও অবৈধ ভাবে দোকানের জায়গা বৃদ্ধির জন্য লতিফের দোকানে ৫ হাজার টাকা, শান্তের দোকানে ১০ হাজার টাকা, জহিরের দোকানে ৫ হাজার, কাদের ফুডের দোকানে ২ হাজার টাকা এবং সাবেরের দোকানে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী আবসিক শিক্ষক বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মামুন অর রশীদ ও পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. হাবিবুর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী আবসিক শিক্ষক মোহাম্মদ মামুন অর রশীদ বলেন, খাবারের দোকানে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক অভিযান অব্যহত থাকবে। যে কোন ছাত্র অভিযোগ করলে তাৎক্ষণিক হলের আবাসিক শিক্ষকরা অভিযান পরিচালনা করবে।
উল্লেখ্য, আ ফ ম কামালউদ্দিন হল ও শহীদ সালাম বরকত হলের সামনের বটতলায় বিভিন্ন খাবারের দোকানে চড়া দাম রাখা সহ খাবারের দোকান অপরিস্কার। এছাড়া দীর্ঘদিন যাবত এসব খাবারের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা হয় । কিন্তু হল প্রশাসনের উদাসীনতায় এসব খাবারের দোকানের মালিকরা পার পেয়ে যাচ্ছে বলে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ করেন।

