রাবিতে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার দাবি
রাবি সংবাদদাতা:
দ্বিতীয় বার ভর্তি পরীক্ষার সুযোগ বহাল রাখার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোট। মঙ্গলবার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে এ দাবিসহ মোট তিনদফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
তাদের অন্য দুটি দাবি হলো বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি ফি কমানো এবং সকল প্রকার বর্ধিত ফি প্রত্যাহার করা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের দলীয় টেন্ট থেকে বিশ্ববিদ্যালয় প্রগতশীল ছাত্রজোটের ব্যানারে ক্যাম্পাসের একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে প্রশাসনের এমন সিদ্ধান্তের নিন্দা জানানো হয়। পরে ভর্তি পরীক্ষার সুযোগ বহাল রাখাসহ তিন দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, একই দেশের অভ্যন্তরে কোনো বিশ্ববিদ্যালয়ে তিন বার ভর্তির সুযোগ আবার কোনো বিশ্ববিদ্যালয়ে একবার ভর্তির সুযোগ উচ্চশিক্ষার পথকে বাধাগ্রস্থ করে। ভর্তি সংকট নিরসনে জন্য আরও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করে ভর্তির সুযোগ বন্ধ করে ইউ জি সি’র ২০ বছর মেয়াদি কৌশলপত্র বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলো উঠে পড়ে লেগেছে।
স্মারকলিপি প্রদানের সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মিনহাজুল আবেদীন, সমাতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আলমগীর হোসেন, ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল ও বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডিসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

