রোহিঙ্গা গণহত্যায় বাংলাদেশমুখী  জনস্রোত

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে ২৫ আগস্ট থেকে শুরু হওয়া রোহিঙ্গা নিধন অভিযানের শেষ হওয়ার কোনো বার্তা ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কোনো লক্ষণ নেই। মাত্র ১১ লাখ রোহিঙ্গাকে বিতাড়িত করতে সেনাবাহিনী লেলিয়ে দিয়েছে দেশটি, যারা সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর চালিয়ে যাচ্ছে গণহত্যা, পাশবিক সংবদ্ধ ধর্ষণ, অগ্নিসংযোগ আর অবর্ণনীয় নির্মম নির্যাতন। ওই রাজ্যে বহুজাতিক কোম্পানিগুলো বিনিয়োগ ও তার সুরক্ষা দিতেই সংখ্যাগুরু ও জাতি বিদ্বেষী বার্মিজ শাসকগোষ্ঠী রোহিঙ্গা নিধন অভিযান ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে অভিযোগ উঠেছে।

মিয়ানমার সেনাবাহিনীর ভয়াল গণহত্যা-ধর্ষণ-লুণ্ঠন-অগ্নিসংযোগে প্রাণ বাঁচাতে বাংলাদেশমুখী রোহিঙ্গা জনস্রোত বৃদ্বি পাচ্ছে অস্বাভাবিকভাবে। জাতিসংঘ ধারণা করছে, গণহত্যার হাত থেকে প্রাণ বাঁচাতে অন্তত ৩ লাখ রোহিঙ্গা আসতে পারে বাংলাদেশে। এমনিতেই অতিরিক্ত জনসংখ্যা ও শরণার্থীর ভারে ধুঁকছে বাংলাদেশ। তার ওপর নতুন করে আরও এ বিপুল সংখ্যক শরণার্থীর সংস্থান কীভাবে করবে, তা নিয়েও ভয়াবহ দুঃশ্চিন্তায় রয়েছে বাংলাদেশের সরকার।

  •  
  •  
  •  
  •