জাবিতে দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু
জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিডিজবস ডটকম আয়োজিত দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম জহির রায়হান মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন। চলবে বুধবার পর্যন্ত।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতার, বিডিজবস ডটকমের জেনারেল ম্যানেজার প্রকাশ রায় চৌধুরী প্রমুখ।
মেলার সমন্বয়কারী মোহাম্মদ আলী ফিরোজ জানান, এবারের মেলায় দেশের খ্যাতনামা ২৭টি প্রতিষ্ঠান তাদের ৮২টি পদের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করছে। আগামীকাল শেষদিন বুধবার বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন শুধুমাত্র তারাই এ মেলায় চাকরির জন্য আবেদন করতে পারবেন।

