গাইবান্ধায় ১০৭৫ পিস ইয়াবাসহ যুবক আটক
গাইবান্ধা প্রতিনিধি :
জেলার সাদুল্যাপুর উপজেলায় ১০৭৫ পিস ইয়াবাসহ আশাদুজ্জামান (২০) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সদস্যরা অভিযান চালিয়ে সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ ভাঙ্গামোড় গ্রাম থেকে শুক্রবার দুপুরে তাকে আটক করে। আটক আশাদুজ্জামান সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ ভাঙ্গামোড় গ্রামের জহিদুল ইসলামের ছেলে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (এডি) আশরাফ বিষয়টি নিশ্চিত করে জানান, আশাদুজ্জামানের বাবা জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে জাহিদুল ইসলাম পালিয়ে যায়। পরে তার বাড়ি থেকে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ১০৭৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার ছেলে আশাদুজ্জামানকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় আশাদুজ্জামানের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

