মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ ৪৪০ জন অবৈধ অভিবাসী আটক
নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসনের অভিযোগে বাংলাদেশিসহ ৪৪০ জন শ্রমিককে আটক করেছে দেশটির পুলিশ।
১৪ নভেম্বর মঙ্গলবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টা থেকে শুরু করে রাত সাড়ে ৯টা পর্যন্ত রাজধানীর পর্যটক নির্ভর এলাকা বুকিত বিনতাং এই অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালানো হয়।
এছাড়া এ অভিযানে ইমিগ্রেশন পুলিশ প্রধান দাতুক শ্রী মুস্তাফার আলি নেতৃত্ব দেন বলে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন।
মুস্তাফার আলি জানান, আটকৃত ব্যক্তিদের অনেকেরই ভিসা নেই। এমনকি বৈধ ভ্রমণের কাগজও নেই। এছাড়া তারা কাজ করতে আসার কথা অস্বীকার করে নিজেদের পর্যটক বলেও দাবি করেছেন। আর ওই এলাকায় অবৈধভাবে থাকার পাশাপাশি কাজও করছিলেন।
তবে যে সমস্ত মালয়েশিয়ান দোকানে তারা কাজ করতেন ওই সকল দোকান মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মুস্তাফার আলি।
এদিকে এই অভিযানে মোট ৯১৫ জন অভিবাসীকে যাচাই-বাছাই শেষে ৪৪০ জনকে আটক করা হয়। এদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, ভারত, ওমানসহ বেশ কয়েকটি দেশের নাগরিক রয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫/৬৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
আটককৃতদের মধ্যে ৩৮৯ জন পুরুষ, ৪৭ জন নারী ও ৪জন শিশু রয়েছে। তবে এখনও পর্যন্ত ঠিক কতো জন বাংলাদেশিকে এই অভিযানে আটক করা হয়েছে তা নিশ্চিত করতে পারেননি মুস্তাফার।

