বাকৃবিতে শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন

বাকৃবি প্রতিনিধি:
অষ্টম জাতীয় পে স্কেল-এ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন বৈষম্য ও মর্যাদা অবনমনের প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার বেরা ১১টার দিকে কেন্দ্রিয় গ্রন্থাগারের সামনে একত্রিত হয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে কর্মবিরতি ও সমাবেশ পালন করেন শিক্ষকরা। এ সময় শিক্ষকরা অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সঞ্চালনায় কর্মবিরতি ও সমাবেশে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম আজাদ-উদ-দৌলা প্রধান, অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. আব্দুল আলীম ও সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ ইকবালসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষক।

সমাবেশে শিক্ষকরা দাবি করেন, অধ্যাপকদের ৩য় গ্রেড থেকে ২য় এবং ১ম গ্রেডে যাওয়ার ক্ষেত্রে সকল অযৌক্তিক নিয়ম বাতিল করে সপ্তম পে-স্কেলের অনুরূপ নিয়ম চালু, ১ম গ্রেড থেকে কমপক্ষে ২৫ শতাংশ সিনিয়র অধ্যাপকদের সিনিয়র সচিবের স্কেল প্রদান, জাতীয় অধ্যাপকদেরকে নির্দিষ্ট বেতন স্কেলে সীমাবদ্ধ না রেখে উপযুক্ত সম্মাননা প্রদান এবং অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল তৈরির কমিশন ঘোষণা করতে হবে। অন্যথায়, একযোগে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে কঠোর আন্দোলনের হুমকি দেন শিক্ষকরা।

  •  
  •  
  •  
  •  

Tags: