বাংলাদেশের ৫ সোনা সাউথ এশিয়ান আর্চারিতে
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) চলছে তৃতীয় সাউথ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ ২০১৮ প্রতিযোগিতা। দলীয় ও ব্যক্তিগত ইভেন্ট মিলিয়ে দেশের জন্য পাঁচটি সোনার পদক জিতেছেন বাংলাদেশের আর্চাররা।
মঙ্গলবার এই প্রতিযোগিতার শেষ দিনে ব্যক্তিগত পুরুষ রিকার্ভ ইভেন্ট দিয়ে শুরু হয় সোনার পদক জয়ের লড়াই। এ ইভেন্টের ফাইনালে খেলতে নামে বাংলাদেশের দুই আর্চার রোমান সানা ও ইব্রাহিম। শুরু থেকেই দুজনের মধ্যে চলে সমানে সমান লড়াই। শেষ পর্যন্ত রোমান সানাকে ৬-২ সেট পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়নশিপের প্রথম সোনার পদকটি জিতে নেন এসএসসি পরীক্ষা দেয়া ফরিদপুরের ছেলে ইব্রাহিম শেখ রেজওয়ান।
প্রথম স্বর্ণ জয়ের অনুভূতি প্রকাশে ইব্রাহিম বলেন, ‘প্রতিটা তীর মারার সময় বুকের মধ্যে কাঁপছিল। রোমান ভাইকে হারাতে পারব ভাবতেও পারিনি। গতকাল থেকেই ভাবছিলাম আমি আমার মত খেলব এবং রৌপ্য পদক পাব। কিন্তু মাঠে ঘটনা বদলে যায়। খুব ভালো লাগছে। ভালো লাগছে যে, আমার হাত দিয়ে এবারের তৃতীয় সাউথ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রথম স্বর্ণটি পেল বাংলাদেশ।
খেলা শেষে দুজনকেই অভিনন্দন জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।
মেয়েদের কম্পাউন্ড ইভেন্টে স্বদেশী সুস্মিতা বণিককে হারিয়ে সোনা জিতেছেন বাংলাদেশের রোকসানা আকতার।
মেয়েদের রিকার্ভ মিশ্র প্রতিযোগিতায় ভারতের সুমেদ মোহোদ-হিমানী জুটিকে হারিয়ে সোনা জিতেছেন বাংলাদেশের নাসরিন আকতার ও রোমান সানা।
দলগত মিশ্র কম্পাউন্ডেও ভারতের কুন্দেরু ভেঙ্কাটাদ্রি-ইশা কেতন পাওয়ার জুটিকে হারিয়ে সোনা নিশ্চিত করেছেন বাংলাদেশের অসীম কুমার ও বন্যা আকতার।
পুরুষদের দলগত কম্পাউন্ড ইভেন্টেও সোনা বাংলাদেশের। এই দলে খেলেছেন এ কে এম মামুন, অসীম কুমার ও আশিকুজ্জামান অনয়।
উল্লেখ্য, প্রতিযোগিতার শেষ দিনে ১০টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হবে এবারের এই প্রতিযোগিতা। এবারের এই প্রতিযোগিতায় ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান অংশ নিয়েছে।

