টুঙ্গিপাড়ায় শেখ রাসেল শিশুপার্কের উদ্বোধন
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রাসেল পৌর শিশুপার্কের উদ্বোধন করেছেন । এর আগে তিনি শুক্রবার বেলা সাড়ে ১১টায় টুঙ্গিপাড়া এসে পৌঁছান। এরপর প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী।
দুপুরে টুঙ্গিপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষ পোড়ানোর দায়ে খালেদার বিচার হওয়া উচিত। তিনি বলেন, মানুষ পুড়িয়ে তিনি সরকার উৎখাত করবেন বলে চেয়েছিলেন। কিন্তু পারলেন না। পরে ঠিকই ব্যর্থতার গ্লানি নিয়ে তিনি কোর্টে হাজিরা দিতে গেলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ১২৩ ভাগ বাড়ানো হয়েছে।তিনি উন্নয়নের জন্য সবাইকে এক যোগে কাজ করার আহবান জানান।
বিকাল ৩টায় টুঙ্গিপাড়া হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

