বাকৃবিতে নবীণ শিক্ষার্থীদের পদচারণা: ওরিয়েন্টেশন রবিবার
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন (পরিচিতিমূলক অনুষ্ঠান) আগামীকাল রবিবার (১০ জানুয়ারী) অনুষ্ঠিত হবে। পরের দিন সোমবার থেকে শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা কার্যক্রম যথারীতি শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতি বলা হয়, নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন কেন্দ্রীয় মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. আলী আকবর।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঐ দিন সন্ধ্যায় শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতেও পৃথকভাবে হল ওরিয়েন্টেশ অনুষ্ঠিত হবে এবং সোমবার থেকে শিক্ষা কার্যক্রম যথারীতি শুরু হবে। অন্যদিকে, ভেটেরিনারি অনুষদের ওরিয়েন্টেশন রবিবার বিকাল ৩টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিনি কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৩ ডিসেম্বর মেধা তালিকা অনুযায়ী ৬টি অনুষদে ১২০০ শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করা হয়।

