কুবিতে ১৫ টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত: সেশনজটের আশঙ্কা
এস এম জোবায়ের, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ৮ম জাতীয় বেতন কাঠামোতে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূরীকরণে দাবিতে তৃতীয় দিনের মত কর্মবিরতি পালন করেছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্ব ঘোষিত এ কর্মসূচি পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
কর্মবিরতির চার দিনে সোম, মঙ্গল,বুধবারবার ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। চার দিন ধরে এই কর্মবিরতিতে ১৫ টি চূড়ান্ত পরীক্ষা স্তগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল কবির চৌধুরী।তিনি বলেন,সোমবার বিভিন্ন বিভাগে ৫টি,মঙ্গলবার ১টি, বুধবার ৩টিও বৃহস্পতিবার ৬টি চুড়ান্ত পরীক্ষা স্তগিত করা হয়েছে। এতে করে সেশন জটের আশঙ্কায় আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রসায়ন বিভাগের শিক্ষার্থী ফয়সল খান বলেন, ‘এমনিতেই এক বছরের সেশন জটে আছি। আর এখন শিক্ষকদের এই আন্দোলনে সেশন জট আরও বেড়ে যাবে।’
পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বিপ্লব বলেন, ‘আমরা ছয মাসের সেশন জটে আছি। ১৮ তারিখ থেকে আমাদের তৃতীয় সেমিষ্টার চুড়ান্ত পরীক্ষা । শিক্ষকদের আন্দেলন যদি চলতে থাকে তাহলে পরীক্ষা হবে বলে মনে হয় না।’
বাংলা বিভাগের ছাত্র নওশাদ আহমেদ ক্ষোভ প্রকাশ কবে বলেন, ‘বৃহস্পতিবার সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল কিন্তু হয়নি। ১৮ তারিখ আরও একটি পরীক্ষা আছে তবে সেটা হবে কি না সন্দেহ। পরীক্ষা গুলো নিয়মিত না হওয়ায় পড়াশুনা ও করা যাচ্ছেনা।’
উল্লেখ্য, গত আট মাস ধরে বেতন বৈষম্য নিয়ে ও ৮ম বেতন কাঠামোতে অসঙ্গতির বিরোধিতা করে আন্দোলন করে আসছেন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কয়েকবার সময়সীমা বেঁধে দিয়ে সর্বশেষ ২ জানুয়ারি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত এ কর্মসূচি পালিত হচ্ছে।

