পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে যুক্তরাষ্ট্রকে কিমের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, পরমাণু নিরস্ত্রীকরণে তারা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখলে তিনি কর্মপন্থা পরিবর্তন করবেন বলে হুমকি দিয়েছেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, কূটনৈতিক সম্পর্কের অগ্রগতির ১২ মাস পর মঙ্গলবার নতুন বছর উপলক্ষে দেয়া ভাষণে দেশটির নেতা কিম জং উন এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কিম বলেন, ‘যুক্তরাষ্ট্র সমগ্র বিশ্বের সামনে করা তাদের প্রতিশ্রুতি রক্ষা না করে অবরোধের বিষয়ে জোর করলে এবং আমাদের ওপর চাপ বজায় রাখলে আমরা আগের অবস্থান থেকে সরে এসে আমাদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে নতুন পন্থার কথা বিবেচনা করতে পারি।’
কিম গত জুনে সিঙ্গাপুরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট টাম্পের সঙ্গে তার সম্মেলনের কথা উল্লেখ করে বলেন, ওই সময় তিনি ‘ফলপ্রসূ’ আলোচনা এবং ‘গঠনমূলক মতবিনিময়’ করেন।
সিঙ্গাপুরের ওই সম্মেলনে এ দুই নেতা কোরীয় উপদ্বীপের নিরস্ত্রীকরণ বিষয়ে একটি অস্পষ্ট চুক্তি স্বাক্ষর করেন। তবে এটা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক থাকায় এক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, কিম মূলত তার দেশের মানুষের জন্য ভাষণ দেন। কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষকরা তার ভাষণের প্রতিটি লাইন খুঁটিয়ে পরীক্ষা করেন পিয়ং ইয়ংয়ের কৌশল পরিবর্তন সম্পর্কে কোনো আভাস আছে কিনা দেখতে।
সম্প্রতি উত্তর কোরিয়াজুড়ে ক্ষেপণাস্ত্র ঘাঁটির বিস্তৃত এক নেটওয়ার্কের ছবি প্রকাশ করা হয় বিভিন্ন গণমাধ্যমে। এর পর পরই নতুন অস্ত্র পরীক্ষার ঘোষণা দিলো দেশটি।
নভেম্বরে উত্তর কোরিয়ার নেতা উন নতুন একটি ‘অত্যাধুনিক অস্ত্র’র সফল পরীক্ষা তত্ত্বাবধান করেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
কী ধরনের অস্ত্র পরীক্ষা করা হয়েছে, তা জানানো হয়নি বার্তা সংস্থা কেসিএনএ’র খবরে। তবে এটি দীর্ঘ সময় নিয়ে প্রস্তুত করা হয়েছে বলে জানায় দেশটি।


