১৯ বছর পর বানশালীর সিনেমায় সালমান
নিউজ ডেস্ক:
১৯ বছর পর ফের সঞ্জয় লীলা বানশালীর সিনেমায় দেখা যাবে বলিউড তারকা সালমান খানকে। বানশালী প্রোডাকশনসের সিইও প্রেরণা সিংহ জানিয়েছেন, একটি প্রেমের কাহিনি অবলম্বনে তৈরি সিনেমার জন্য ফের হাত মেলাচ্ছেন সঞ্জয় ও সালমান।
এবিপি আনন্দ পত্রিকার খবরে বলা হয়, প্রেরণা সিং এক বিবৃতিতে জানিয়েছেন, সিনেমার কাহিনি পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে দুজনের সমন্বয় একটা বড় ব্যাপার হয়ে উঠতে পারে।
যদিও সিনেমার নাম ও নায়িকার চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।
জানা গেছে, চলতি বছরের মাঝামাঝি সিনেমার শুটিং শুরু হবে। মুক্তি পাবে আগামী বছর।
১৯৯৬-এ খামোসি-দ্য মিউজিক্যাল সিনেমার মাধ্যমে বলিউডে পরিচালনায় অভিষেক হয়েছিল বানশালীর। ওই সিনেমায় দেখা গিয়েছিল সালমানকে। এরপর ১৯৯৯-এ বানশালীর হম দিল দে চুকে সনম সিনেমায় ঐশ্বরিয়া রাই ও অজয় দেবগনের সঙ্গে দেখা গিয়েছিল সালমানকে।
বানশালীর সাঁওরিয়া সিনেমায় অতিথি শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল সালমানকে। ওই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল রণবীর কাপুর ও সোনম কাপুরের।

