ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফ’র পিটুনীতে নিহত ১
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্তে আব্দুল গনি নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করে লাশ নিয়ে গেছে বিএসএফ। এসময় বিএসএফ’র পিটুনীতে আহত আর এক গরু ব্যবসায়ী আলাউদ্দিন বিএসএফ’র হাত থেকে পালিয়ে এসেছে।
বিজিবি ও এলাকাবাসী জানায়, শালঝোড় সীমান্তের ৯৮৮ আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে ভোর রাতে গরু আনতে গেলে ভারতে কোচবিহার সীমান্তের টহলরত বিএসএফ তাদের ধাওয়া করে ধরে নিয়ে যায়। এসময় তাদের পিটুনীতে একজন মারা যায় অপরজন আহত অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসে। এদের দুজনের বাড়ী ভুরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা গ্রামে বলে জানা গেছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবি পরিচালক জাকির হোসেন জানান, দুজন বাংলাদেশী গরু ব্যবসায়ী ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্তে গরু আনতে গেলে বিএসএফ তাদের আটক করে পিটুনি দেয়।
এসময় আব্দুল গনি (৫০) মারা গেলে তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে ফেলে রাখে বিএসএফ। অপর গরু ব্যবসায়ী আলাউদ্দিন আহত অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে চলে আসে। বিএসএফ’র পিটুনীতে নিহত আব্দুল গনির লাশ ফেরত আনতে বিএসএফ’র সাথে যোগাযোগের চেষ্টা চলছে।

